বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকেরা। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে লাভ রোডসংলগ্ন মূল সড়কে পোশাক শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে বিক্ষোভ করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নাসা গার্মেন্টসের ১০০ থেকে ১৫০ জন শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *