ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার বালাদুর আর নেই

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী এবং মধ্য-ডানপন্থী রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এদুয়ার বালাদুর ৯৭ বছর বয়সে মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লিকোরনু। 

এদুয়ার বালাদুর ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সমাজতান্ত্রিক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরার মেয়াদে ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০-এর দশকে ফরাসি অর্থনৈতিক সংস্কারের নেপথ্য রূপকার হিসেবে তাকে গণ্য করা হয়।

প্রধানমন্ত্রী থাকাকালে এদুয়ার বালাদুরের নেতৃত্বে ফরাসি সরকারের বিশাল বেসরকারীকরণ কার্যক্রম শুরু হয়। তার হাত ধরে দেশটির বেশ কয়েকটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো ব্যাংক সোসিয়েতে জেনারেলে, পারিবাস (যা পরবর্তীতে বিএনপি পারিবাসের অংশ হয়) এবং জনপ্রিয় টেলিভিশন নেটওয়ার্ক টিএফ১। এ ছাড়া ১৯৯৩ সালে ফ্রান্সের রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর পেনশন ব্যবস্থার ব্যাপক সংস্কার সাধন করেছিলেন তিনি।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লিকোরনু বলেন, পঞ্চম ফরাসি প্রজাতন্ত্রের অর্ধেকেরও বেশি সময়ের ইতিহাসের সঙ্গে এডুয়ার্ড বালাদুরের নাম গভীরভাবে জড়িয়ে রয়েছে। জর্জেস পম্পিডুর সঙ্গে কাজ করা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া পর্যন্ত তিনি আমাদের সামাজিক জীবনের একজন প্রখ্যাত পুরুষ ছিলেন। লিকোরনু আরও যোগ করেন, তিনি ছিলেন সংস্কারপন্থী চেতনার একজন রাষ্ট্রনায়ক এবং তার রাজনৈতিক পরিবারের বহু নারী-পুরুষের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন।

তবে পেশাগত জীবনে প্রচণ্ড কঠোর ও প্রযুক্তি নির্ভরতার কারণে সমালোচকদের কাছে তিনি খানিকটা অসামাজিক ও সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হিসেবে পরিচিত ছিলেন। সংবাদ কার্টুনিস্ট প্ল্যান্টু তাকে একটি পালকিতে বসে থাকা উইগ পরিহিত অভিজাত ব্যক্তি হিসেবে আঁকতেন। অন্যদিকে ফরাসি ব্যঙ্গাত্মক সাপ্তাহিক ‘লে কানার অঁশেনে’ তাকে ‘হিজ কার্টিয়াস স্মাগনেস’ বলে আখ্যা দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *