ফেসবুকে প্রতিমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম নিশাদ ইসলাম (২০)। তিনি দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেন। তিনি প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে বক্তব্যসংবলিত একটি ফটো কার্ড শেয়ার করে তাতে আপত্তিকর মন্তব্য যুক্ত করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি ভাইরাল হলে তিনি পোস্টটি মুছে ফেলেন বলে জানা গেছে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, ‘এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে ও জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আমরা এর নিন্দা জানাই ও দোষীদের শাস্তি দাবি করছি।’

এদিকে, গ্রেপ্তার যুবকের একাধিক ফেসবুক আইডি রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *