অতিবৃষ্টি ও খালে পানি জমে থাকায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের আত্রাই খাল খনন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রকল্পটির জন্য বরাদ্দ পাওয়া ২ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০৪ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় চলতি অর্থবছরে সারা দেশে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কারের অংশ হিসেবে পীরগঞ্জে এ অর্থ বরাদ্দ আসে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, ‘আত্রাই বিল থেকে গোপালগঞ্জ ব্রিজ পর্যন্ত ডোমজান খাল’ প্রকল্পের আওতায় প্রায় ৮৫০ মিটার খাল খননের পরিকল্পনা ছিল। তবে মৌসুমজুড়ে অব্যাহত বৃষ্টি ও খালে পর্যাপ্ত পানি থাকায় কাজ শুরু করা যায়নি। নির্ধারিত সময়ে কাজ বাস্তবায়িত না হওয়ায় গত ১৬ জুলাই চালানের মাধ্যমে পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আজিজ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলজটের কারণে নির্ধারিত সময়ে খননকাজ শুরু করা যায়নি। তাই সরকারি বিধি অনুযায়ী বরাদ্দ ফেরত দেওয়া হয়েছে। ভবিষ্যতে অনুকূল পরিবেশে পুনরায় বরাদ্দ পেলে কাজটি সম্পন্ন করা হবে।