ফের পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান সফর শেষে রাশিয়া যাওয়ার আগে আবারও পাকিস্তান সফর করবেন বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই এই সফরসূচি নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর যুদ্ধ পরবর্তী পরিস্থিতি ও সম্ভাব্য সমাধান নিয়ে দিকনির্দেশনা নিতে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দলের একটি অংশ তেহরানে ফিরে গেছে। তারা আবার ইসলামাবাদে আরাঘচির সঙ্গে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। খবর ইরনার। 

এর আগে শনিবার (২৫ এপ্রিল) মাসকাটে যাওয়ার আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনা করেন আরাঘচি। সফরকালে তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি জানান, তিনি ইসলামাবাদ, মাসকাট ও মস্কো সফর করবেন। আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

প্রায় ৪০ দিনের সংঘাত এবং পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামাবাদে আলোচনা শুরু করে। এসব আলোচনার উদ্দেশ্য ছিল উত্তেজনা প্রশমিত করা এবং ভবিষ্যতে সংঘাত এড়াতে আস্থা তৈরির পদক্ষেপ খোঁজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *