সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনীর প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে দিন-রাত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। গতকাল শনিবার (১০ মে) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোবাইল ও ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও চালানো হচ্ছে। এ বিষয়ে সীমান্তের সব বিওপি (বর্ডার আউটপোস্ট) ও টহল দলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি মাদক, গবাদিপশু ও ভারতীয় পণ্যসহ সব ধরনের চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যেন অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বাড়ানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে সীমান্তে কোনো সন্দেহজনক ব্যক্তি বা অবৈধ কার্যক্রম পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবি বদ্ধপরিকর। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।