চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার রাজ এলপিজি ফিলিং ও কনভার্সন সেন্টারকে রান্নার গ্যাস সিলিন্ডারে এলপিজি ভরার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভুজপুর থানা পুলিশ ও দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, অভিযানে রাজ এলপিজি ফিলিং ও কনভার্সন সেন্টারে রান্নার গ্যাসের সিলিন্ডারে এলপিজি ভরা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকা এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে সেবাগ্রহীতাদের জীবন বিপন্ন করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
রহমত উল্লাহ বলেন, ‘জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অনুমোদন ও নিরাপত্তা বিধি না মেনে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’