ফিরেই বাজিমাত মোসাদ্দেকের

প্রায় চার বছর ব্রাত্য ছিলেন জাতীয় দলে। সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাফ জানিয়েছিলেন, যতদিন দলে মিরাজ আছে, সুযোগ কম মোসাদ্দেকের। সেই মোসাদ্দেক ফিরলেন। খেললেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের সেরা ম্যাচটাই।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৯ জুন) ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২১ বছর ও ১৫ ম্যাচ পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। ইতিহাসগড়া এই ম্যাচের ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট হাতে অপরাজিত ৮৬ রানের পর বল হাতে ২ উইকেট ও ১টি ক্যাচ। একজন অলরাউন্ডারের কাজ যা, করেছেন ঠিক সেটিই।

প্রত্যাবর্তনের ম্যাচে ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দিয়েছেন মোসাদ্দেক। ৭০ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি।

বল হাতেও জ্বলে ওঠেন প্রয়োজনের সময়। ৫০ বলে ৩৫ করে বিপজ্জনক হয়ে ওঠা অসি ব্যাটার কুপার কনোলিকে ফেরান মোসাদ্দেক হোসেন। তাকে বোল্ড করে বল হাতে এনে দেন ব্রেক থ্রু।  প্রত্যাবর্তনের ম্যাচে আরেকবার জ্বলে ওঠেন মোসাদ্দেক। ম্যাট রেনশোকে লেগবিফোর করেন তিনি।

ম্যাচসেরার পুরস্কার নিতে এসে মোসাদ্দেক বলেন, ‘চার বছর পর ফিরে আসার অনুভূতিটা প্রথমবার দলে ডাক পাওয়ার মতোই। আমি সুযোগটা নিয়েছি এবং ম্যাচসেরা হয়েছি। এটি সহজ ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *