প্রেমিকার ২ কোটি টাকা আত্মসাৎ : পুলিশ কর্মকর্তা সোহেলের বিচার শুরু

প্রতারণা করে প্রেমিকার অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা এ আদেশ দেন। এদিন আসামি প্রিন্সের উপস্থিতিতে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। আগামী ১ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান শাহীন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ২০২২ সালের ২৩ নভেম্বর সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলা করেন সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী।

আরজি থেকে জানা গেছে, ২০১৭ সালে বাদীনি ও সোহেলউদ্দিন প্রিন্স  ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সোহেলউদ্দিন বাদীনিকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। বাদীনি ও তার পরিবারের  সঙ্গে সুসম্পর্কের সুবাদে সোহেলউদ্দিন বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেয়। পরে বাদীনিকে সোহেলউদ্দিন আর বিয়ে করেনি। আর টাকাও ফেরত দেয়নি।

বাদীনির অপর আইনজীবী মোসলেহউদ্দীন জসীম বলেন, মামলাটি তদন্তের সময় সিআইডি সোহেলউদ্দীনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার প্রমাণ পেয়েছে। আসামি পক্ষ থেকে আদালতে এসব বিষয় অস্বীকার করে অব্যাহতি চাওয়া হয়। বিচারক সোহেলউদ্দিনের অব্যাহতির আবেদন নাকচ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

সোহেলউদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা যৌতুকের অপর একটি মামলা বিচারাধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *