আগামী তিন মাসে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। আজ সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, তাই শিক্ষা খাতে তারেক রহমান সরকার এগিয়ে রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী তিন মাসে সরকার ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেবে এবং আগামী জুলাই থেকে আধুনিক শিক্ষা হিসেবে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করবে।
পরে ৫১ শিক্ষক ও শিক্ষার্থীর হাতে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার ও ডিনস অ্যাওয়ার্ড তুলে দেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের ২০তম দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, কোম্পানীগঞ্জ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, প্রো-ভিসি শফিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এর আগে সকাল থেকে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধনের পাশাপাশি গবেষণা, শিক্ষা ও উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ে বক্তব্য দেন। গবেষণা ও একাডেমিক উৎকর্ষতায় অবদানের জন্য নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড তুলে দেন।
বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসে বর্ণিল আলোকসজ্জা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠান শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়।