প্রাণঘাতী রোগে আক্রান্ত নেতানিয়াহু, গোপনে নিলেন চিকিৎসা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। গোপনে তিনি এর চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) নিজের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ তথ্য সামনে আনেন তিনি। খবর সিএনএনের।

৭৬ বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে তিনি এবার বিলম্ব করেছেন, কারণ ইরান যেন দুই মাস আগে তার প্রথমবারের মতো ক্যানসার ধরা পড়ার খবরটি সুযোগ হিসেবে কাজে লাগাতে না পারে।  

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহু ২০২৪ সালের ডিসেম্বরে বর্ধিত প্রোস্টেটের জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন। তখন এ অস্ত্রোপচারের বিষয়টি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জনসাধারণের উদ্দেশে প্রকাশ করেছিল।

সর্বশেষ অস্ত্রোপচারের পর স্বাস্থ পরীক্ষার বিষয়ে নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানান, চিকিৎসকরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেছেন।

সামাজিক মাধ্যমে এই তথ্য প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় তার চিকিৎসকদের লেখা দুটি চিঠিও প্রকাশ করেছে। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, নেতানিয়াহু প্রায় আড়াই মাস আগে রেডিয়েশন থেরাপি নেওয়া শুরু করেন এবং সম্প্রতি তার চিকিৎসা সম্পন্ন হয়েছে।

নেতানিয়াহু জানান, তিনি রেডিয়েশন থেরাপি নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, স্রষ্টাকে ধন্যবাদ, আমি সুস্থ আছি। আমার প্রোস্টেটে একটি ছোটখাটো স্বাস্থ্য সমস্যা ছিল, যার সম্পূর্ণ চিকিৎসা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *