কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গোটা ভারতজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিনোদন অঙ্গনের এই অপূরণীয় ক্ষতি বিবেচনা করে প্রয়াত অভিনেতার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র সরকার।
মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশীষ শেলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্ত জানান। তিনি উল্লেখ করেন, মারাঠি নাট্যজগৎ এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে নানা পাটেকরের অবদান অনন্য ও অতুলনীয়। ইয়েওলার সাধারণ গলি থেকে উঠে এসে নিজের প্রতিভা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জোরে তিনি কীভাবে থিয়েটার ও চলচ্চিত্রে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মন্ত্রী।
পাশাপাশি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শেলার বলেন, নানার মৃত্যু ভারতীয় শিল্পজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহারাষ্ট্র সরকার এবং সংস্কৃতি বিভাগের পক্ষ থেকেও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গোয়া থেকে অভিনেতার মরদেহ আজ পুনেতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর সেখানে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ জনসমক্ষে রাখা হবে। আজ বৃহস্পতিবার পুনেতেই প্রয়াত এই অভিনেতার নিজস্ব ফার্মহাউসে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।