প্রথমবার জুটি গড়ে শিরোপা জিতে চমক

প্রথমবার জুটি গড়ে গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে চমক দেখিয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও জাকুব মেনশিক। আজ মিশ্র দ্বৈতের শিরোপা জিতে নিয়েছেন এই দুজন।

ফাইনালে সুইজারল্যান্ডের বেলিন্ডা বেঞ্চিচ ও ইতালির ফ্লাভিও কোবোলিকে ৬-৩, ১-৬ (১০-৬) ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতেছেন মুচোভা-মেনশিক।

নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে দাপট দেখায় চেক জুটি। দুর্দান্ত সার্ভ করা মেনশিক সেট পয়েন্টে বেঞ্চিচকে এস মেরে প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন। প্রথম সেট শেষ হয় ৩০ মিনিটেরও কম সময়ে।

দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ায় বেঞ্চিচ-কোবোলি জুটি। ৬-১ ব্যবধানে সেট জিতে সমতায় ফিরে তারা।

শিরোপা নির্ধারণে ১০ পয়েন্টের টাইব্রেকে গড়ায় ম্যাচ। সেখানেই মেনশিকের শক্তিশালী সার্ভে ম্যাচের  নিয়ন্ত্রণ নেয় মেনশিক-মুচোভা জুটি।

২০ বছর বয়সী মেনশিক দারুণ এক ভলিতে ৮-৪ ব্যবধানে এগিয়ে দেন দলকে। এরপর মুচোভা সার্ভ করে চ্যাম্পিয়নশিপ পয়েন্টের সুযোগ তৈরি করেন। শেষ পর্যন্ত ১০-৬ পয়েন্টে জয় নিশ্চিত করেন মেনশিক-মুচোভা জুটি।

নতুন ফরম্যাটে ইউএস ওপেনের মিশ্র দ্বৈত প্রতিযোগিতার এটি দ্বিতীয় সংস্করণ। এবার অংশ নিয়েছিল ১৬টি দল। নতুন ফরম্যাটে একক ইভেন্টের তারকা খেলোয়াড়দের মিশ্র দ্বৈতে যুক্ত করা হয়েছে, যাতে মূল ড্র শুরুর আগের সপ্তাহেই টুর্নামেন্টে দর্শকদের আগ্রহ বাড়ে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *