প্রথম দিনে ৩০৭ কোটি টাকা আয়: ‘ধুরন্ধর টু’ সিনেমার যত রেকর্ড

দীর্ঘ আড়াই বছর পর ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফিরেন বলিউড অভিনেতা রণবীর সিং। আদিত্য ধর নির্মিত এ সিনেমা গত বছর মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। ফলে এ সিনেমার সিক্যুয়েল নিয়ে প্রত্যাশা বেড়ে যায় ভক্ত-অনুরাগীদের, শুরু হয় তোলপাড়।   

বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর টু’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে এটি। স্যাকনিল্ক এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ধুরন্ধর টু’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছে ১৭২.৬৩ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ২৩৬.৬৩ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ৩০৭ কোটি ৬৪ লাখ টাকা।

প্রথম দিনেই ‘ধুরন্ধর টু’ সিনেমার যত রেকর্ড
এক.
 মুক্তির প্রথম দিনে (পেইড প্রিভিউ + প্রথম দিন) মিলিয়ে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা ‘ধুরন্ধর টু’। এ সিনেমার আগের অবস্থানে রয়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমা।

দুই. মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে ‘ধুরন্ধর টু’ সিনেমা। ২৬০ কোটি রুপি আয় করে এ তালিকার শীর্ষে রয়েছে ‘পুষ্পা টু’। তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে রয়েছে—‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি), ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি)।

তিন. হিন্দি ভার্সনে একদিনে সবচেয়ে বেশি আয়কারী সিনেমার তালিকায় শীর্ষে ‘ধুরন্ধর টু’। শাহরুখ খানের ‘জওয়ান’ ও আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ সিনেমাকেও টপকে গেছে রণবীর সিংয়ের এই সিনেমা। 

‘ধুরন্ধর টু’ সিনেমা মুক্তির আগেই বক্স অফিস বিশ্লেষকরা দাবি করেন—ভারতে ১ হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩২১ কোটি টাকা) আয় করবে সিনেমাটি। বলিউড হাঙ্গামাকে বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ বলেন, “আশা করি, সিনেমাটি নতুন একটি মানদণ্ড স্থাপন করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ‘পুষ্পা’ (২০২৪), ‘জওয়ান’ (২০২৩) এবং ‘ধুরন্ধর’ সিনেমার প্রথম পার্ট প্রমাণ করেছে যে, দর্শকদের চাহিদাপূরণ করতে পারলে ব্যবসার ক্ষেত্রে সীমা হয়ে যায় আকাশ।”    

বিহারের পূর্ণিয়ার রূপবাণী সিনেমার মালিক বিশেক চৌহান স্পষ্টভাবে বলেন, “ধুরন্ধর টু’ সিনেমা ১ হাজার কোটি রুপির কম আয় করলে আমি সন্তুষ্ট হব না।”  

ব্যাখ্যা করে অতুল মোহন বলেন, “এটা পুরোপুরি সম্ভব। অতীতে ‘পুষ্পা টু’ টপকে যায় ‘পুষ্পা’ সিনেমার লাইফটাইম ব্যবসা। একইভাবে ‘বাহুবলি টু’ সিনেমার আয় ‘বাহুবলি’ সিনেমার চেয়েও বেশি ছিল।” ‘ধুরন্ধর টু’ সিনেমার প্রথম দিনের আয় বক্স অফিস বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণীরও যেন প্রথম স্তর! 

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেন সারা অর্জুন। এ সিনেমার মধ্য দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়েছে। দ্বিতীয় পার্টেও রণবীরের সঙ্গী সারা। তাছাড়াও অভিনয় করেছেন—অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন প্রমুখ। ২৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য ধর, লোকেশ ধর, জ্যোতি দেশপান্ডে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *