পায়রায় নিখোঁজ জুঁইয়ের মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার

বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দশম শ্রেণির শিক্ষার্থী জুঁইয়ের (১৫) মরদেহ ঘটনার ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তালতলী উপজেলার জয়ালভাঙা নলবুনিয়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন পায়রা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জুঁই রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন ছুটিতে জুঁই বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় স্বজনদের বাড়িতে বেড়াতে এসেছিল। গত রোববার সকালে পরিবারের সঙ্গে পায়রা নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানা জুঁই জোয়ারের প্রবল স্রোতে তলিয়ে যায়। ঘটনার পর বরগুনা ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও পুলিশ তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজের ৩৩ ঘণ্টা পর দুর্ঘটনাস্থল থেকে দূরে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *