পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারায় বেশ লম্বা সময় ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ দল। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল টাইগারদের। আগামী ১১ মার্চ থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা। কিন্তু এই সিরিজ আয়োজন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাতের কারণে ওই অঞ্চলের অধিকাংশ দেশের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও উত্তেজনা চলছে। এমন অস্থিতিশীল অবস্থায় পাকিস্তানি ক্রিকেটারদের বহনকারী বিমান নির্দিষ্ট সময়ে ঢাকায় পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

তবে সিরিজ নিয়ে শঙ্কা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই হাল ছাড়ছে না। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তারা। গতকাল রাতেও দুই বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে এবং নির্ধারিত সময়েই খেলা মাঠে গড়ানোর ব্যাপারে তারা আশাবাদী।

পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এর আগে ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’ দিয়ে খেলোয়াড়দের ফিটনেস ঝালিয়ে নিয়েছে বিসিবি।

সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ পাকিস্তান ক্রিকেট দলের ঢাকায় পা রাখার কথা। ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে দুপুর সোয়া দুইটা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *