পিঠাপিঠি সময়ে পাকিস্তান ও বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া জাতীয় দল। পাকিস্তানে তিন ওয়ানডে খেলার পর বাংলাদেশে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার সূচি রয়েছে অস্ট্রেলিয়ার।
এশিয়ার দুই দেশ সফরের আগে ধাক্কা হজম করতে হলো অস্ট্রেলিয়াকে। দলটির অধিনায়ক মিচেল মার্শ গোড়ালির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। মার্শের অনুপস্থিতিতে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার জশ ইংলিশ। ২০২৪ সালেও ইংলিশ অস্ট্রেলিয়াকে পাকিস্তান সফরে নেতৃত্ব দিয়েছিলেন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজেও মার্শের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। রিপোর্ট অনুযায়ী, মার্শের অ্যাঙ্কেলের চোট পুরোপুরি সেরে ওঠেনি। তাকে নিরাপদ রাখতেই সরিয়ে নেওয়া হয়েছে।
পাকিস্তানে তাদের তিন ওয়ানডে যথাক্রমে ৩০ মে, ২ ও ৪ জুন। এরপরই বাংলাদেশের বিপক্ষে তাদের অ্যাওয়ে সিরিজ। মিরপুরে ৯, ১১ ও ১৪ জুন তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন হবে টি-টোয়েন্টি সিরিজ। দুটি সিরিজেই মার্শের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।
মার্শের পরিবর্তে এখনও কাউকে পাকিস্তান সফরের জন্য দলে নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্ভাবনা আছে কুপার কোনলিকে দলে নেওয়ার। বাংলাদেশ সফরে কুপার কোনলি আছেন। এর আগে পাকিস্তান সিরিজ তার জন্য হতে পারে বাড়তি পাওয়া।
অস্ট্রেলিয়া সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০২১ সালে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারা ৪-১ ব্যবধানে হেরেছিল। এর আগে ২০১৭ সালে এসে দুই টেস্ট খেলেছিল। ঢাকায় ম্যাচ হারলেও অস্ট্রেলিয়া টেস্ট জেতে চট্টগ্রামে।
এছাড়া সবশেষ তারা ওয়ানডে খেলেছিল ২০১১ সালে। ওয়ানডে বিশ্বকাপের পরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিলেন শেন ওয়াটসন, মিচেল জনসনরা।
এসএন/পিডিকে