পর্দার ফাটাকেষ্ট মিঠুন এবার সত্যিই সরকারের উপদেষ্টা

পর্দায় একসময় মন্ত্রী হয়ে চমক দেখিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে তাঁর সেই দাপুটে উপস্থিতি এখনো দর্শকের মনে আছে। এবার অনেকটা সিনেমার গল্পের মতোই বাস্তবে সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন এই অভিনেতা।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। শুধু উপদেষ্টাই নন, এই পদে তাঁকে দেওয়া হয়েছে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা। বুধবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে তাঁর নিয়োগের কথা জানানো হয়। নিয়োগটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। 

মিঠুনের নতুন দায়িত্বের নির্দিষ্ট কাজের পরিধি এখনো বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে বাংলা চলচ্চিত্রে তাঁর দীর্ঘ ক্যারিয়ার এবং সংস্কৃতির সঙ্গে তাঁর সম্পর্ক বিবেচনায় নিয়েই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর আগে উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের সরকারি অনুষ্ঠানেও মিঠুনকে সাংস্কৃতিক উপদেষ্টা করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

মিঠুনের এই নতুন দায়িত্বের সঙ্গে স্বাভাবিকভাবেই সামনে আসছে তাঁর অভিনীত ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমার কথা। ২০০৭ সালের ওই সিনেমায় মিঠুন অভিনয় করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর চরিত্রে। পর্দার সেই চরিত্রই এবার যেন বাস্তব জীবনের সঙ্গে অদ্ভুতভাবে মিলে গেল। 

পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলা ও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন। ২০২১ সালে বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত রাজ্যসভার সদস্যও ছিলেন। 

এবার অভিনয়ের পর্দা পেরিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক অঙ্গনে নতুন ভূমিকায় দেখা যাবে ‘মহাগুরু’ মিঠুনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *