পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই : খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনায়ন প্রয়োজন। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর জিরো পয়েন্টে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক আয়োজিত আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় সাংবাদিকদের খায়রুল কবির এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নেওয়া বিশাল এই সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে এই কার্যক্রম শুরু হলো।

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘বর্তমান সরকার গঠনের অল্প সময়ে যে ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে তা বিরল। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ জনগণের সুবিধা নিশ্চিতে সরকার নিরলস কাজ করছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিটি দাবি পূরণ করা হবে।’ কর্মসূচিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি সহসভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল, গোলাম কবির কামাল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি এবং সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী রেজা ই-রাব্বীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *