পদ্মায় গরুবাহী ট্রলার ডুবি, ২৩ গরুসহ ব্যবসায়ী নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে কোরবানির গরুবাহী একটি ট্রলার ডুবে গেছে। এতে ২৩টি গরুসহ আইয়ুব আলী (৪৫) নামের এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গতকাল  সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার শালীপুর গ্রামের মৃত আবদুর মিস্ত্রির ছেলে।

নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ট্রলারে করে ঢাকার কেরানীগঞ্জের হাটে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তীব্র বাতাসে ট্রলারটি পদ্মায় ডুবে যায়। দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১৪ জন ব্যবসায়ী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন এবং পাঁচটি গরু জীবিত উদ্ধার করা হয়। তবে তীব্র স্রোতের কারণে ১ জন ব্যবসায়ী এবং ২৩টি গরু নদীগর্ভে তলিয়ে যায়।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. সুমন আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। তবে এখনও ১ জন ব্যবসায়ী ও ২৩টি গরু নিখোঁজ রয়েছে। 

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইলিয়াস জানান, নিখোঁজ ব্যবসায়ী ও ট্রলারটির সন্ধানে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ হওয়া ২৩টি কোরবানির গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *