রাষ্ট্রীয় মালিকানাধীন নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ আইয়ুব মিয়া। আজ সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে মোহাম্মদ আইয়ুব মিয়া এ সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। সরকারের সাবেক এই সচিবকে গত বছরের ৭ ডিসেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
তারল্য সংকটে পড়া এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকটির অনুমোদিত মূলধনের পরিমাণ ৪০ হাজার কোটি টাকা, যার পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়।
এই পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা প্রদান করেছে। অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ারের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।