আজ শনিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন বিসিবি ডিসিপ্লিনারি কমিটির প্রধান ও সিসিডিএম সহ-সভাপতি ফায়াজুর রহমান মিতু। তিনি নিজেই নিশ্চিত করেছেন এ সংবাদ। মিতু বলেন, ‘আমি পদত্যাগপত্র দিয়ে চলে এসেছি মিটিং থেকে।’
আজ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বিসিবি অফিসে দুপুর ২টায় বোর্ড মিটিংয়ে বসেন পরিচালকরা। এরপর প্রায় ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মিটিং শেষ হয়নি।
তার আগেই পদত্যাগপত্র জমা দিয়ে মিটিং থেকে বেরিয়ে গেছেন মিতু। তিনি দাবি করেছেন এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, ‘না, মিটিংয়ের কোনো কিছু না। আগের কিছুও না। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগ করেছি।’
গত বছরের ৫ অক্টোবর সবশেষে নির্বাচনে নির্বাচিত হওয়া পরিচালনা পর্ষদ থেকে এ নিয়ে ৪ জন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ইশতিয়াক সাদেক, ইয়াসিন ফয়সাল ও আমজাদ হোসেন পরিচালক পদ থেকে ইস্তফা দেন।
ইয়াসিন বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি। এছাড়া ইশতিয়াক গেম ডেভোলপমেন্ট আর আমজাদ মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন।
সবশেষ নির্বাচনের পর থেকেই বিসিবিতে অস্থিরতা চলছে। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত ৬ মাস ধরেই লিগ বয়কট করে আসছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। ইতিতোমধ্যে ক্লাবগুলোর অভিযোগে বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর মধ্যেই বিসিবিতে একের পর এক পরিচালকের পদত্যাগের ঘটনা ঘটছে।
এসএন/পিডিকে