নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আমিন উল্যাহ হাওলাদার (৮৪) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামে বাড়ির পাশের নাল জমিতে ধান চাষ করতে গিয়ে হামলার শিকার হন নিহত আমিন উল্যাহ ও তার পরিবারের সদস্যরা। প্রতিপক্ষের ৩০-৪০ জন অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালালে পরিবারের আটজন গুরুতর আহত হন। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় আমিন উল্যাহ ও তার দুই ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরবর্তীতে সেখান থেকে আমিন উল্যাহকে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

নিহতের ছেলে আহত জাকের হোসেন বলেন, পৈত্রিক জমিতে তারা কয়েক যুগ ধরে চাষাবাদ করে আসছেন। ওই জমি নিজেদের দাবি করে প্রতিপক্ষের একরাম, আহছান উল্যাহ, ইয়াকুব ও সিরাজসহ অন্যান্যরা এই হামলা চালায়। 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে উভয় পক্ষই পৃথক মামলা করেছে। নিহতের পরিবারের করা মামলায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *