নেপাল থেকে ফিরেই যে অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 

নেপালে শুটিং করতে গিয়ে হঠাৎই বৈরী আবহাওয়ার মুখে পড়েছিল ‘শিকার’ সিনেমার টিম। টানা বৃষ্টি, বন্যা আর ভূমিধসে দেশটির বিভিন্ন এলাকায় যখন যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত, তখন শুটিং শেষ করে নিরাপদে দেশে ফেরাটাই হয়ে উঠেছিল বড় চ্যালেঞ্জ। অবশেষে গতকাল শুক্রবার রাতে দেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে নেপালের পরিস্থিতি বিবেচনায় পুরো টিমের নিরাপদে ফেরাটাই ছিল বড় চ্যালেঞ্জ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই নেপালে আটকে থাকার অভিজ্ঞতা গণমাধ্যমের সঙ্গে ভাগ করে নেন অপু। তিনি বলেন,‘আমরা পুরো টিম নিরাপদেই ছিলাম। খুব একটা বেগ পোহাতে হয়নি আমাদের। তবে কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই পুরো টিম নিয়ে দেশে ফেরার। অবশেষে আমরা নিরাপদে পৌঁছাতে পেরেছি এটাই বড় কথা।’

কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে গিয়েছিলেন অপু বিশ্বাসসহ বাংলাদেশ ও কলকাতার বেশ কয়েকজন শিল্পী। পাহাড়ঘেরা মনোরম পরিবেশে শুটিং বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু হঠাৎ আবহাওয়ার অবনতি পুরো পরিস্থিতি বদলে দেয়।

টানা অতিবৃষ্টিতে নেপালের বিভিন্ন এলাকায় দেখা দেয় বন্যা। কোথাও পানিতে তলিয়ে যায় সড়ক, আবার কোথাও ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায় যোগাযোগের পথ। এমন পরিস্থিতিতে শুটিং দ্রুত গুটিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম।

এদিকে একই দুর্যোগের কারণে নেপালেই আটকে গেছেন তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি। তাসরিফ জানান, দেশে ফেরার জন্য যে পথ দিয়ে তাদের যাওয়ার কথা ছিল, বন্যার কারণে সেই সড়ক ধসে পড়েছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই।

প্রাকৃতিক দুর্যোগের কারণে তাসরিফের দেশে ফেরার পরিকল্পনা অনিশ্চিত হলেও নিজের ও বন্ধুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *