নেত্রকোনার কলমাকান্দায় একটি কবরস্থান নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকাবাসীর দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এসময় দোকানপাটসহ বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমঘড়া ও পুলিয়া পানেশ্বরপাড়ার বাসিন্দাদের মধ্যে একটি কবরস্থানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুই গ্রামের মানুষই দীর্ঘদিন ধরে ওই গোরস্তানে মৃত ব্যক্তিদের দাফন করে আসছেন। গোরস্তানের পাশে বাজার নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। শুক্রবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাস্তার নির্মাণকাজের জন্য রাখা ইটপাথর নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোরস্তানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। এতে করে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।