নিয়োগ প্রক্রিয়ায় এমপির ছেলেমেয়ে, শ্যালিকারাও সারের ডিলার : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারের সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপির ছেলেমেয়ে ও শ্যালিকারাও ডিলারশিপ পেয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, চুয়েটের ভিসিকে শিক্ষার্থীরাসহ শিক্ষকরাও চায় না। নির্লজ্জের মতো তালা ভেঙে ছাত্রদলের কয়েকজন গুণ্ডা দিয়ে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। ন্যূনতম লজ্জা, ব্যক্তিত্ব নেই।

এই চুয়েটের ভিসি নামক গুণ্ডা যারা আছে, যারা দেশটাকে আবার পিছিয়ে নিতে চায়—যাদের ন্যূনতম ব্যক্তিত্ব, লজ্জা, আত্মসম্মানবোধ নেই; তাদেরই ছাত্রদলের গুণ্ডাদের নিয়ে নিজের চেয়ারে বসতে হয়। শিক্ষার্থী, শিক্ষকের বিরুদ্ধে যারা দাঁড়ায়, যাদের কাছে শিক্ষা থেকে পদ বড় হয়ে উঠে—ওই সব মানুষের বিরুদ্ধে যেন আপনার সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত থাকে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপির ছেলেমেয়ে ও শ্যালিকারা ডিলারশিপ পেয়েছে। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে। আমরা জেনজি জেনারেশন যারা আছি—যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা করি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম প্রমুখ।

পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক  শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *