নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তনের সিদ্ধান্ত বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্ব পরিবর্তন এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল। নতুন কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত এলো নিউজিল্যান্ড সিরিজের সূচি পরিবর্তনের।

আজ বুধবার (৮ এপ্রিল) মিরপুরে বিসিবি ভবনে প্রথমবার বোর্ড সভায় বসেছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দিবা-রাত্রির পরিবর্তে দিনের বেলায় আয়োজন করা হবে নিউজিল্যান্ড সিরিজ। সংবাদ সম্মেলনে এসে জানালেন তামিম নিজেই।

চলতি মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আগের সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে মাঠে গড়ানোর কথা ছিল ওয়ানডে ম্যাচগুলো। টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টা থেকে।

তবে নতুন সূচি অনুযায়ী, সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দিনের আলোতে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল ১১টা বা সাড়ে ১১টা থেকে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর আড়াইটা থেকে। তবে এটি এখনও চূড়ান্ত নয়।

সূচি পরিবর্তনের কারণ জানিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের সিদ্ধান্তের কারণে সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। প্রস্তাবিত এই সূচি চূড়ান্ত হলে জানিয়ে দেবে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *