গতির আগ্রাসন আর ভয়ঙ্কর বাউন্সার দিয়ে খুব অল্প সময়েই বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ইতোমধ্যে বাংলাদেশ দলের তিন ফরম্যাটেই নিজেকের অপরিহার্য করে তুলেছেন তিনি। সর্বশেষ পাকিস্তান সিরিজেও নিজের জাত চিনিয়েছেন তিনি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ আসরে পেশোয়াড় জালমির হয়ে খেলেছেন নাহিদ। সেখানে নিজের বোলিংয়ে মুগ্ধ করেছেন পাকিস্তানের ক্রিকেটার, সমর্থক, সাংবাদিকদের। তাই দেশটিতে নাহিদ রানাকে নিয়ে কিছু বেশ ভালো উন্মাদনা আছে।
এক সময় পেস বোলিংয়ে বিশ্বের অন্যতম সেরা দল ছিল পাকিস্তান। ওয়াসিম আকরাম, ইমরান খান, শোয়েব আক্তাররা বিশ্ব শাসন করেছেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ধার কমেছে। এখন আর আগের মতো গতির আগ্রাসন দেখা পারছেন না পাকিস্তানি পেসাররা। তাই সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। সেখানেই তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয় নাহিদ রানাকে নিয়ে। কেনো নাহিদের মতো গতি তুলতে পারছেন না পাকিস্তানের বোলাররা?
এ নিয়ে শাহিন বলেন, ‘বাংলাদেশের পেস বোলার রানা, মাত্র ৭-৮ ম্যাচই খেলেছে। একটি মেশিন যখন চলতে থাকে সময়ের সাথে সাথে মেশিনটা খারাপ হতে থাকে। তখন নিজেকে রিলোড করতে হয়, নিজেকে আরও সতেজ রাখতে হয়। বিশ্রাম নিয়ে এসে শরীরকে সতেজ করে আবার জান দিয়ে বল করতে হয়।’
গতি বাড়াতে বোলাররা কাজ করছে জানিয়ে শাহিন বলেন, ‘আমরা চেষ্টা করছি নিজেদের শরীরকে সতেজ রেখে কৌশল খাটিয়ে পাকিস্তানের জন্য বল করে যেতে। বোলারদের তরতাজা রেখে তিন ফরম্যাটে খেলাতে হবে। এসব নিয়ে কাজ করা হচ্ছে, এনসিএতে (ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে), কোচদের সাথে কাজ করা হচ্ছে। আমি চেষ্টা করব আপনাদের জন্য ২০০ স্পিড উঠাতে।’