আগের ম্যাচে পাকিস্তান সুপার লিগের দল পেশোয়াড় জালিমির হয়ে অভিষেকটা ভালো হয়নি বাংলাদেশি পেসার নাহিদ রানার। সে ম্যাচে বেশ খরুচে ছিলেন তিনি। তবে, দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই টাইগার পেসার। গতির পসরা সাজিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের কুপোকাত করেছেন নাহিদ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে করাচি কিংসের বিপক্ষে দারুণ বোলিংয়ে রেকর্ড গড়েছেন নাহিদ। এ ম্যাচে চার ওভার বল করেছে মাত্র ৭ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। এর মধ্যে একটি ওভার মেইডেন আদায় করেছেন। নাহিদের এই বোলিং ফিগার পিএসএলে কোনো বিদেশি ক্রিকেটারের সবচেয়ে ইকোনোমিক্যাল বোলিং।
এমন বোলিংয়ের পর নিজ দলের পাশাপাশি প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরও প্রশংসায় ভেসেছেন নাহিদ। করাচির অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার মঈন আলী মনে করেন, বাংলাদেশের ক্রিকেটে একজন তারকা হবেন নাহিদ রানা।
মঈন বলেন, ‘এক্সপ্রেস ফাস্ট বোলিং খেলা সবসময়ই কঠিন কাজ, যেকোনো পিচেই। সে (রানা) যেই লেন্থে বল করেছে, অনেক অনেক ভালো ছিল। এখনকার সময়ে আপনি অনেক বেশি গতিময় বোলারদের মোকাবিলা করবেন না। ফলে সে (নাহিদ রানা) অনেক ভালো বল করেছে, তাকে সামলানো কঠিন ছিল।’
নাহিদ রানার বোলিং নিয়ে ইংলিশ অলরাউন্ডার মঈন বলেন, ‘সে (নাহিদ) ফুল বা ওয়াইডে খুব বেশি বল দেয়নি। সে অনেক ভালো বল করেছে। বিপিএলে তার বিরুদ্ধে খেলেছি আমি। সেখানেও দারুণ বল করেছে। এমন পেস থাকা এবং উচ্চতা থাকা দারুণ ব্যাপার। সে এই পিচে এসব ভালোভাবে কাজে লাগিয়েছে।’
পেশোয়াড়ের অধিনায়ক বাবর আজম বলেন, ‘আজ স্পিনাররা শুরুতে আধিপত্য করেছে, এরপর পেসাররা দায়িত্ব নিয়েছে। সবাই নিজেদের ভূমিকা ঠিকভাবে পালন করেছে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে।’