নাটোরে সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং নাটোর আধুনিক সদর (জেনারেল) হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। সরকারি ছুটির সুযোগে দুর্বৃত্তরা এসব প্রতিষ্ঠানে হানা দিয়ে কম্পিউটার, আইপিএস পিসিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
নাটোর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, গত বৃহস্পতিবার সাপ্তাহিক কর্মদিবস শেষে তারা যথারীতি অফিস বন্ধ করে বাড়ি চলে যান। সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত তাদের অফিস খুলে কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান। তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা অফিসের জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে কম্পিউটার, আইপিএস পিসিসহ বেশ কিছু মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে।
এদিকে গত রাতের কোনো এক সময়ে নাটোর জেনারেল হাসপাতালেও চুরির ঘটনা ঘটে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহাবুবুর রহমান জানান, চোর চক্র হাসপাতালের নতুন ৬তলা ভবনের ২০১৮ নম্বর কক্ষের জানালার গ্লাস খুলে ভেতরে প্রবেশ করে। ওই কক্ষটিতে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের চিকিৎসক নিয়মিত দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, সম্প্রতি এই একই ভবনেই এক শিশু রোগীর মাকে ধর্ষণের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল, যার রেশ কাটতে না কাটতেই এবার চুরির ঘটনা ঘটলো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, চুরির এই দুটি ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।