নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত, আহত ৪

পটুয়াখালীর দশমিনায় গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আউলিয়াপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রুশনে আলী প্যাদার ছেলে মো. বেল্লাল (৪০) ও ঢাকার কদমতলি থানার মুজাহিদ নগর এলাকার মো. বেল্লাল হোসেনের ছেলে মো. ইউসুফ (৩০)। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও রনগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অসীম সমাদ্দার জানান, আউলিয়াপুর গ্রামে সাবেক ইউপি সদস্য মো. রফিক হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন একদল শ্রমিক। শনিবার সন্ধ্যায় নলকূপের ভারী লোহার খাম্বাটি দাঁড় করানোর সময় সেটি হঠাৎ হেলে গিয়ে পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের প্রধান লাইনের তারের ওপর পড়ে। এতে খাম্বাটি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই বেল্লাল ও ইউসুফের মৃত্যু হয়। এসময় তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন আরও চার নলকূপ শ্রমিক- মো. রাকিব হোসেন (১৭), মো. রনি (১৮), মো. মারুফ (১৯) ও মো. রিফাত (২১)। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় দশমিনা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *