নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ আজ

জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সংক্রান্ত গেজেটও ইতোমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।  

নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ গ্রহণের আইনি প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে আইন মন্ত্রণালয় এ মতামত দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি নিয়ে মতামত চাওয়া হলে গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় স্পষ্ট ব্যাখ্যা প্রদান করে। মন্তব্যে জানানো হয়, ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকারের নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতে সাংবিধানিক কোনো বাধা নেই।

আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এমতাবস্থায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বাধ্যবাধকতা ও বিধান অনুসরণ করে স্পিকারের যাবতীয় দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনি পর্যালোচনায় আরও উল্লেখ করা হয়, বর্তমান প্রেক্ষাপটে ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের পূর্ণ অর্পিত দায়িত্ব পালন করছেন, তাই সংবিধান অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে তিনিই যথাযথ আইনি ও সাংবিধানিক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ সম্পন্ন হলে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনের কর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন।

ঘোষিত ফল অনুসারে, ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এ এম এম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, এর মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ছয়জন সংসদ সদস্য ভোট দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *