নদীতে ভেসে আসা মরদেহ চুল ধরে টেনে তুলে কানের দুল চুরি

চীনের তিব্বত ও নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধার অভিযান চলছে। এর মধ্যেই নারায়ণী নদীতে বন্যায় ভেসে যাওয়া এক ভুক্তভোগীর মরদেহ থেকে কানের স্বর্ণের দুল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তৈরি করেছে। এমন কাণ্ডের তীব্র ঘৃণা ও কঠোর সমালোচনা করেছেন নেটিজেনরা। মরদেহের কানের দুল চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এনডিটিভির।

নেপাল পুলিশ দুল চুরির ঘটনার ৪১ সেকেন্ডের ভিডিও ক্লিপ শেয়ার করে জানায়, মৃত নারীর কান থেকে দুল চুরির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

ভিডিও ক্লিপটিতে দেখা যায়, ওই ব্যক্তিরা লাঠি ব্যবহার করে এবং নারীর চুল ধরে টেনে মরদেহটি পানি থেকে তুলছে। এরপর মরদেহের দুই কান থেকে দুল খুলে পাশে রাখছে। এ সময় বেশ কয়েকজন লোক তাদের চারপাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করেছে।

স্থানীয় চিতওয়ান পুলিশ জানায়, তাদের তদন্তে জানা গেছে, ভয়াবহ বন্যায় নারায়ণী নদীতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে দুল চুরির এ ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ২৫ বছর বয়সী মদন গুরুং এবং ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে নেপালের সংবাদমাধ্যম খবরহাব জানায়, গতকাল বৃহস্পতিবার ভরতপুর মেট্রোপলিটন সিটি-১ এর পোখরা বাস পার্ক এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জোর দিয়ে বলেছে, এই সংকটকালে ক্ষতিগ্রস্তদের লক্ষ্য করে লুটপাট বা যেকোনো ধরনের অমানবিক কার্যকলাপ বরদাশত করা হবে না।

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত ৫৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও শতাধিক বিদেশিসহ এক হাজার ৪০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *