নতুন হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই নিজেদের অবস্থানকে সফল হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা স্টাডিজের গবেষক মোহাম্মদ ইসলামী।
শনিবার (২৭ জুন) এক বিশ্লেষণ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরাকে মোহাম্মদ ইসলামী বলনে, যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের সুযোগ ধরে রাখতে উভয় পক্ষই সীমিত ও অস্পষ্ট ধরনের হামলা চালিয়েছে, যাতে কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকে।
ইরানের অভিযোগ, দেশটির দক্ষিণ উপকূলের কয়েকটি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধবিরতির লক্ষ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। অন্যদিকে, ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে।
এ ছাড়া পারস্য উপসাগরের দক্ষিণ তীরবর্তী দেশগুলোকে সতর্ক করে তেহরান বলেছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাতে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।
মোহাম্মদ ইসলামীর দাবি, যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা বর্তমানে সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন।
তিনি আরও বলেন, ইরান হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক জলপথ হিসেবে স্বীকৃতি দেবে না। বরং এ বিষয়ে নতুন কাঠামো মেনে নিতে অন্যান্য দেশকে রাজি করানোর চেষ্টা করবে।
ইরান আরও জানিয়েছে, নতুন নীতিমালা অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
এসএন/কে