নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

ফুটবল ম্যাচে অহেতুক সময়ক্ষেপণ খুবই পরিচিত একটি ঘটনা। প্রায় সময়ই দেখা যায়, কোনো দল এগিয়ে থাকলে গোলরক্ষক অতিরিক্ত সময় অপচয় করেন। সেই ঘটনার পরিবর্তন আনতে এবার পরীক্ষামূলকভাবে নতুন নিয়ম চালু করা হয়েছে ব্রাজিলিয়ান সিরি আ-তে।

নতুন নিয়মে, এখন গোলরক্ষক সময় নষ্ট করলে শাস্তি হিসেবে এক মিনিটের জন্য দলের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে যেতে হবে। সান্তোসের অধিনায়ক নেইমার জুনিয়র প্রথম ফুটবলার হিসেবে সেই নিয়মে শাস্তি পেলেন।

নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো গোলরক্ষকের চিকিৎসার জন্য খেলা বন্ধ থাকলে, খেলা শুরু করতে কোচকে তাৎক্ষণিকভাবে একজন আউটফিল্ড ফুটবলারকে মাঠের বাইরে পাঠাতে হবে। আর কোন ফুটবলারকে বাইরে পাঠাবেন সেটি নির্ধারণ করতে হবে ১০ সেকেন্ডের মধ্যে। যদি কোচ এই সময়ের মধ্যে কাউকে নির্ধারণ করতে না পারেন, তাহলে দলের অধিনায়ককে মাঠ ছাড়তে হবে।

সোমবার (১৭ আগস্ট) ভাস্কোর বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের বড় জয় পাওয়া ম্যাচটিতেই প্রথমবার এই নিয়ম প্রয়োগ করা হয়। ম্যাচের একপর্যায়ে সান্তোস গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য সময় নেওয়ার অনুরোধ করেন।

নতুন নিয়ম অনুযায়ী, কোচকে দ্রুত একজন আউটফিল্ড খেলোয়াড়কে নির্ধারণ করতে হতো। কিন্তু সান্তোসের কোচ নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়ের নাম ঠিক করতে পারেননি। ফলে নিয়মের বাধ্যবাধকতায় রেফারি অধিনায়ক হিসেবে নেইমারকে মাঠের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেন।

ফুটবলে সময়ক্ষেপণ কমাতে এবং খেলা সচল রাখতে পরীক্ষামূলকভাবে প্রিমিয়ার লিগসহ বিশ্বের অন্যান্য শীর্ষ প্রতিযোগিতাতেও এই নিয়ম চালুর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *