নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেবো না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেবো না। শেখ হাসিনার আমলে একটি রোগ ছিল, সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ আর হতে দেবো না।

বুধবার (৮ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে টাঙ্গাইলের কালিহাতীতে পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সংসদে এমপি-মন্ত্রী ভাইয়েরা যেভাবে কথা বলেন, মনে হয় বাংলাদেশে কোনো সমস্যা নেই। তারা বলেন, বাংলাদেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, কিন্তু এটাকে লোডশেডিং বলা যাবে না। আমরা তাদের বলতে চাই, সংসদে শুধু লোক দেখানো কথা না বলে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন। মনে রাখবেন, প্রত্যেকটি দল ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। আপনারা যদি বিবেকবোধ বিসর্জন দেন, তাহলে নিজের বিবেকের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।

দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে সারজিস আলম বলেন, আবার যদি সীমান্তে হত্যা হয়, সীমান্তে পুশইন করা হয় কিংবা দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, তাহলে আমরা চুপ থাকব না। তখন কে সরকারে আছে বা তাদের অবস্থান কী ছিল, তা আমরা দেখব না।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তুষার সরোয়ার, ডা. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *