দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দিবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করি সম্ভাব্য সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ‘শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে। সংক্ষিপ্ত সময়ে বিচারিক প্রক্রিয়াও শেষ হবে।’

বিচারহীনতার কথা সবসময় সঠিক নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক সময় বিলম্ব হয়, বিচার আদালতের বিষয়। তনু হত্যাসহ বিভিন্ন মামলায় ব্যবস্থা নেয়া হচ্ছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া শেষ হবে। আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য যা যা করার, সবই চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘অনেক কিছুই করার বাকি রয়েছে, মানি। কিন্তু সরকারের সময় মাত্র তিন মাস। সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। আইন সংস্কার চলমান প্রক্রিয়া। কিছু কিছু সংশোধন আনতে হবে। খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে অবিচার করা হচ্ছে কিনা, তাও দেখতে হবে।

জনগণের ক্ষোভ মেটাতে সাময়িকভাবে আইন প্রণয়ন সবসময় ভালো নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পেশাদার অনেক অপরাধীর, যারা দীর্ঘদিন আইনের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়িয়েছে, তাদের গ্রেফতার করছি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *