দেশের ‘প্রথম’ সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন সিফাত নুসরাত

অভিনয়, মডেলিং আর উদ্যোক্তা পরিচয়ের পর এবার ভ্যাম্পায়ার রূপে চমক দিতে চলেছেন সিফাত নুসরাত। রহস্য, প্রেম ও দ্বন্দ্বে ভরা বাংলাদেশের প্রথম সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন তিনি। বাংলাদেশি বিনোদন অঙ্গনে নতুন এক ধারার সূচনা হতে যাচ্ছে এই সিরিজের মাধ্যমে। ভ্যাম্পায়ার ও ওয়্যারউলফকেন্দ্রিক গল্প নিয়ে দেশের প্রেক্ষাপটে নির্মিত এই প্রযোজনাটি ইতোমধ্যেই কৌতূহল তৈরি করেছে দর্শকমহলে। প্রধান চরিত্রে ভ্যাম্পায়ার রূপে অভিনয় করছেন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা সিফাত নুসরাত। তার বিপরীতে উলফ (নেকড়ে) চরিত্রে দেখা যাবে শ্যামল মাওলাকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সামিরা খান মাহি।

জানা গেছে, সিরিজটির পাণ্ডুলিপি বই আকারে প্রকাশের আগেই কিনে নেয় রেড প্রোডাকশনস। পরে এটি ১০ পর্বের একটি সিজন হিসেবে নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে প্রথম সিজনের সাতটি পর্বের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি তিনটির কাজ দ্রুত শেষ করার প্রস্তুতি চলছে। ডাবিং শেষ হয়েছে, এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। সিফাত নুসরাত জানান, ২০২৫ সাল থেকেই এই প্রজেক্টের কাজ শুরু হয় এবং পুরো প্রক্রিয়ায় সময় লেগেছে প্রায় আট মাসের বেশি। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সুপারন্যাচারাল গল্প নির্মাণ করা সত্যিই চ্যালেঞ্জিং ছিল। আমরা চেষ্টা করেছি আন্তর্জাতিক মানের গল্প ও উপস্থাপনা নিয়ে কাজ করতে। এই সিরিজটির গল্প তারই লেখা উপন্যাস ‘দ্য রেড মুন’ অবলম্বনে নির্মিত, যা এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে। বই প্রকাশের আগেই সেটি সিরিজে রূপ নেওয়াকে নিজের জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে সিফাত বলেন, কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য তিনি দীর্ঘ সময় যোগাযোগ সীমিত রেখেছিলেন। এ কারণে তিনি দুঃখ প্রকাশ করে জানান, সম্পূর্ণ প্রস্তুতি ছাড়া তিনি কোনো তথ্য প্রকাশ করতে চাননি।

সুপারন্যাচারাল ঘরানার এই ভ্যাম্পায়ার-উলফ সিরিজটি প্রিমিয়ার শোর মাধ্যমে শিগগিরই দর্শকদের সামনে আসবে। নতুন প্রজন্মের দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক ভিন্নধর্মী ও রোমাঞ্চকর অভিজ্ঞতা— যা বাংলাদেশের কনটেন্ট জগতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *