একসময় বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষে ছিলেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে সময় বদলেছে। এবার সেই জায়গায় নতুন ইতিহাস গড়লেন আলিয়া ভাট। পারিশ্রমিকের দিক থেকে বলিউডের সব অভিনেত্রীকে ছাড়িয়ে এখন তিনিই সবচেয়ে এগিয়ে।
আগামী ৩ জুলাই মুক্তি পেতে যাচ্ছে যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘আলফা’। সিনেমাটিতে একজন নারী গুপ্তচরের ভূমিকায় অভিনয়ের জন্য আলিয়া ভাট নিয়েছেন ২৫ কোটি রুপি। সিনেমাটি মুক্তির আগেই অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলিয়াই।
সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করে ববি দেওল পেয়েছেন প্রায় ৬ কোটি রুপি। আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা শর্বরী ওয়াঘ নিয়েছেন প্রায় ৩ কোটি রুপি। একই পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। এদিকে জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে হৃতিক রোশনকে। তবে এ ছবিতে তার পারিশ্রমিক কত, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
অন্যদিকে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের পারিশ্রমিকের হিসাবেও এসেছে পরিবর্তন। প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডের কাজ নিয়েই বেশি ব্যস্ত। ক্যাটরিনা কাইফও দীর্ঘদিন ধরে নিয়মিত নন বড় পর্দায়। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ক্যাটরিনা প্রতি সিনেমায় প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। আর ‘কল্কি ২৮৯৮ এডি’ খ্যাত দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি।
সব মিলিয়ে, ‘আলফা’ মুক্তির আগেই আলোচনার শীর্ষে উঠে এসেছে ছবিটির তারকাদের পারিশ্রমিক। আর ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে নতুন নজির গড়েছেন আলিয়া ভাট।