দিল্লিকে দেড়শ ছাড়ানো লক্ষ্য দিল মুম্বাই

রোহিত শর্মা আর অধিনায়ক সূর্যকুমার যাদবের দৃঢ়তায় শুরুর ধাক্কা কাটায় মুম্বাই ইন্ডিয়ান্স। মিডল অর্ডারে মুম্বাইকে সুবিধা করতে দিচ্ছিল না দিল্লি ক্যাপিটালসের বোলাররা। তবুও শেষদিকে নামান ধীর আর মিচেল স্যান্টনারের ব্যাটিংয়ে দেড়শ ছাড়ানো পুঁজি পেয়েছে মুম্বাই।

আজ শনিবার ( ৪ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। দলীয় ১৮ রানের মাথায় হারায় দুই উইকেট। ১১ বলে ৯ রান করে ফিরে যান ওপেনার রায়ান রিকেল্টন আর রানের খাতা খোলার আগেই ফেরেন তিন নম্বরে থাকা তিলক ভার্মা।

তৃতীয় উইকেট জুটিতে শুরুর সেই ধাক্কা সামাল দেন রোহিত শর্মা আর সূর্যকুমার যাদব। দুজন মিলে গড়েন ৫৩ রানের জুটি। ২৬ বলে ৩৫ রান করে রোহিত ফিরলে ভাঙে সেই জুটি। এরপর দ্রুতই ফিরে যান চার নম্বরে নামা শেরফান রাদারফোর্ড (৭ বলে ৫)।

একপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখছিলেন সূর্যকুমার। ব্যক্তিগত হাফসেঞ্চুরিও তুলে নেন তিনি। তবে এরপর আর বেশি দূর যেতে পারেননি, শেষ পর্যন্ত ফিরেছেন ৩৬ বলে ৫১ রান করে।

মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের রান বাড়িয়ে নেন নামান ধীর। ২১ বলে ২৮ রান করেন তিনি। আর শেষদিকে দলীয় রান দেড়শ পার করেন মিচেল স্যান্টনার আর করবিন বোশ। ১৩ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন স্যান্টনার আর ৪ বলে ১১ রানে বোশ।

দিল্লির হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন মুকেশ কুমার। একটি করে উইকেট যায় লুঙ্গি এনগিদি, অক্ষর প্যাটেল, বিপ্রজ নিগম আর থাঙ্গারাসু নটরাজনের ঝুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *