নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’র টিজার। এ গানের মধ্য দিয়ে দীর্ঘ এক যুগের বিরতি ভেঙে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরলেন ল্যাটিন পপ সংগীতশিল্পী শাকিরা।
শুক্রবার (৮ মে) আয়োজক সংস্থার পক্ষ থেকে নেটদুনিয়ায় প্রকাশ করা হয় ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের থিম সংয়ের প্রথম ঝলক। এরপরই মূল গানটি নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ।
‘দাই দাই’ গানের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল সংগীতে কণ্ঠ দিয়েছেন শাকিরা। সর্বপ্রথম ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’তে কণ্ঠ দেন গায়িকা। গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেলে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘লা লা লা’ গান দিয়ে দর্শক মাতান তিনি।
এরপর দীর্ঘ ১২ বছরের বিরতি ভেঙে ২০২৬ সালে এবার ফুটবল বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’ নিয়ে হাজির হলেন শাকিরা। এবারের থিম সংয়ে গায়িকার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়। দুই দেশের ভিন্ন সংস্কৃতিকে একই বিশ্বকাপের আবেগ, বৈচিত্র্য ও বৈশ্বিক ঐক্যে তুলে ধরতে দুই দেশের শিল্পীকে একমঞ্চে এনেছেন আয়োজকরা।
আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের জমকালো আসর, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বের ৪৮টি দলের ফুটবল নিয়ে লড়াকু আসরের উন্মাদনা বাড়াতে আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ থিম সং ‘দাই দাই’।