আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান শুক্রবার বিকেলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘উন্নয়ন সংলাপ : কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘উন্নয়ন সংলাপ : কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকা।
সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, কৃষি বিপ্লব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ন্যায্য হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, পেঁয়াজ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে এবং চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।
আইনমন্ত্রী বলেন, কৃষকদের সুবিধার্থে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগও বাস্তবায়নের পথে রয়েছে। তিনি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার নামে নামকরণের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দুই জেলার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ. ম. কবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া বক্তব্য দেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের সংসদ সদস্যবৃন্দ।
বক্তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের টেকসই উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও শিক্ষার্থীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।