তৌসিফ-তটিনী: কে কার প্রেমে ‘জখম’?

ঈদের বিশেষ আয়োজনে আসছে ইমরাউল রাফাত নির্মিত নতুন নাটক ‘জখম’। ভিন্ন স্বভাবের দুই মানুষের টানাপোড়েন আর সম্পর্কের গভীর ক্ষতকে কেন্দ্র করেই এগিয়েছে এর গল্প।

রাইসা—গ্রামের মধ্যবিত্ত পরিবারের এক সাধাসিধে মেয়ে। স্বভাবে একটু চাপা, তাই সহজে সবার সঙ্গে মিশতে পারে না। অন্যদিকে পার্থ সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে। তার মা-বাবা, ছোট ভাই-বোন—সবাই প্রাণখোলা ও মিশুক।

দুটি বিপরীত চরিত্রের মানসিক দূরত্ব, পারিবারিক আবহ আর অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ মিলিয়ে তৈরি হয়েছে ‘জখম’। নাটকটির চিত্রনাট্য লিখে নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। সম্প্রতি শেষ হয়েছে শুটিং। দৃশ্যধারণে ছিলেন কামরুল ইসলাম শুভ।

প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী (রাইসা) ও তৌসিফ মাহবুব (পার্থ)।

গল্প প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, ‘এটা মূলত প্রতিশোধের গল্প। তবে এর ভেতরে রয়েছে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসার, সমাজ আর নিগ্রহের নানা দিক। ছোট পর্দার নির্মাণ হলেও ক্যানভাসটা বড়।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার ও ইশরাত অতিথি।

ঈদের বিনোদনে ‘জখম’ কতটা দাগ কাটতে পারে—এখন সে অপেক্ষা দর্শকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *