মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নাই’ লিখে সরবরাহ বন্ধ রাখায় ফরিদপুরের দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধারসহ একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (২৮ মার্চ) বিকেলে ফরিদপুর-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, কানাইপুর বাজারের ‘হোসেন ফিলিং স্টেশন’ তেল সরবরাহ বন্ধ করে দিলে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত তল্লাশি চালিয়ে ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন এবং ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ পায়। এ অপরাধে পাম্পের ম্যানেজার সাব্বির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে পাম্পটি খুলে দিয়ে জনসাধারণের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়। এ সময় পাম্প কর্তৃপক্ষ নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
একই এলাকার ‘রয়েল ফিলিং স্টেশন’ কেবল ডিজেল বিক্রি করে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রেখেছিল। সেখানে অভিযানে গিয়ে দেখা যায়, পাম্পটিতে ৩ হাজার ৫০০ লিটার পেট্রোল, ৩ হাজার ৪০০ লিটার অকটেন ও ১৯ হাজার লিটার ডিজেল মজুত রয়েছে। মেশিনে যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখিয়ে ক্ষমা চাইলে মালিকপক্ষকে সতর্ক করে তাৎক্ষণিকভাবে তেল সরবরাহ চালু করার নির্দেশ দেয় প্রশাসন।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার দীপ্ত চক্রবর্তী ও সাকিব রহমান আকাশ।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম জানান, জনস্বার্থে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে এ ধরণের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।