তৃতীয় হয়েও শেষ বত্রিশে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ দিনের নাটকীয়তা শেষে চূড়ান্ত হয়েছে শেষ বত্রিশের সব দল। অস্ট্রিয়া ও আলজেরিয়ার ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর নিশ্চিত হয় নকআউট পর্বের শেষ দুই টিকিট। রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে উঠেছে অস্ট্রিয়া, আর সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে আলজেরিয়া।

এবারের ৪৮ দলের বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের পাশাপাশি সেরা আটটি তৃতীয় দলও নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে।

চার পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে তৃতীয় হওয়া ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, একুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ে ও আলজেরিয়া সহজেই সেরা আটের মধ্যে জায়গা করে নেয়। শেষ টিকিটটি পেয়েছে সেনেগাল।

তিন ম্যাচে মাত্র এক জয় নিয়ে সেনেগালের সংগ্রহ ছিল ৩ পয়েন্ট। তবে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে গোল ব্যবধান +২-এ উন্নীত করায় আফ্রিকার দলটি সেরা তৃতীয় দলগুলোর তালিকায় উঠে আসে।

অন্যদিকে সমান ৩ পয়েন্ট পেয়েও নকআউট পর্বে উঠতে পারেনি ইরান, দক্ষিণ কোরিয়া ও স্কটল্যান্ড। গোল ব্যবধানই তাদের বিদায়ের কারণ হয়েছে। ইরানের গোল ব্যবধান ছিল শূন্য, দক্ষিণ কোরিয়ার -১ এবং স্কটল্যান্ডের -৩। ফলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ টিকিটটি পায় সেনেগাল।

সবচেয়ে হৃদয়ভাঙা গল্প ইরানের। গ্রুপ পর্বে একটি ম্যাচও না হেরে বিদায় নিতে হয়েছে তাদের। তিন ম্যাচে তিনটি ড্র করে ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধান যথেষ্ট না হওয়ায় নকআউট পর্বে ওঠা হয়নি এশিয়ার দলটির।

এদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েও গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। নিজেদের গ্রুপে তৃতীয় হলেও তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়ায় সেরা তৃতীয় দলগুলোর তালিকায় জায়গা হয়নি তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *