তুরস্কে এরদোয়ানের ছেলের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

তুরস্কের ইস্তাম্বুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোয়ানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এই উচ্চপর্যায়ের বৈঠকে মূলত দুই দেশের ঐতিহ্যবাহী ও স্থানীয় খেলাধুলা তথা ‘কান্ট্রি গেমস’ আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের ছেলে নেজমেদ্দিন বিলাল এরদোয়ানের সাথে সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। তিনি আধুনিক ক্রীড়াশৈলীর পাশাপাশি শেকড় সন্ধানী খেলাগুলোকে বিশ্বমানের মডেলে রূপান্তরের ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী মনে করেন, বিশ্বায়নের এই যুগে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাগুলো টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। অন্যদিকে, ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। 

তিনি সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দেশীয় খেলাধুলা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার এবং অভিজ্ঞতা বিনিময়ের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকের এক পর্যায়ে প্রতিমন্ত্রী আমিনুল হক বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে তিনি তা সানন্দে গ্রহণ করেন এবং অচিরেই বাংলাদেশ সফরের ইচ্ছা পোষণ করেন।

এই সফরের মাধ্যমে দুই দেশের ক্রীড়া সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী খেলাগুলোকে আধুনিকায়ন করে বৈশ্বিক মঞ্চে উপস্থাপনের ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *