ঢাকায় বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার (২৭ মার্চ) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ।

বাতাসের গতিপ্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে।

আবহাওয়ার অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. কমতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এস এন/এস কে এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *