ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি, ভোগান্তিতে হাজারও মানুষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি। সংস্কারকাজের কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহন চলছে ধীরগতিতে।

সরেজমিনে আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে দেখা যায়, যানজটের কারণে দূরপাল্লার বাসের যাত্রী, পণ্যবাহী ট্রাকচালকসহ হাজারও মানুষ ভোগান্তিতে পড়েছেন।   

গতকাল শুক্রবার (৭ আগস্ট) থেকে শুরু হওয়া এই যানজট আজ দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। কুমিল্লার পদুয়ার বাজার, আমতলীসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের চাপ বেশি থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক আফজল হোসেন বলেন, চার-পাঁচ ঘণ্টা ধরে কুমিল্লার অংশেই আটকে আছি। কখন ঢাকায় পৌঁছাতে পারব জানি না। মালিক ও পণ্যগ্রহীতারা বারবার ফোন করে জানতে চাইছেন কখন পৌঁছাব। পরে ভিডিও কলে তাদেরকে আমার অবস্থান দেখিয়েছি।

দূরপাল্লার বাসের যাত্রী সোনিয়া আক্তার বলেন, ভোর সাড়ে পাঁচটার প্রথম ট্রিপেই বাসে উঠেছি। আশা ছিল দুপুর দুইটার মধ্যে ঢাকায় পৌঁছে বিকেল তিনটার মিটিংয়ে যাব। অথচ এখনও কুমিল্লার পদুয়ার বাজারেই আছি। এভাবে কর্মঘণ্টা নষ্ট হলে কীভাবে কাজ করব বুঝতে পারছি না।

আরেক যাত্রী ইকবাল হোসেন বলেন, ঢাকার শিশু হাসপাতালে মেয়ের চিকিৎসা চলছে। মেয়েকে দেখতে ও চিকিৎসার খরচের টাকা নিয়ে জরুরি ভিত্তিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। কিছু টাকা বিকাশে পাঠিয়েছেন। কিন্তু যানজটের কারণে সময়মতো ঢাকায় পৌঁছাতে পারবেন কি না, সেটি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

ঢাকামুখী লেনে চলাচলকারী কয়েকজন চালক বলেন, যানজটের কারণে তাদের অনেক সময় মহাসড়ক ছেড়ে ফিডার রোড ব্যবহার করতে হচ্ছে। এতে বিকল্প সড়কেও বাড়ছে যানবাহনের চাপ।

চালকদের অভিযোগ, মহাসড়কে সংস্কারকাজ চললেও যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কার্যকর ব্যবস্থাপনা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। একদিকে সড়কের খানাখন্দ ও সংস্কারকাজ, অন্যদিকে অতিরিক্ত যানবাহনের চাপ দুইয়ে মিলে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সংস্কারকাজ শেষ হলে ভোগান্তি কমে আসবে। যানজট ও ধীরগতি কমিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।

হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম খান বলেন, মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ কাজ করছে। সড়কের খানাখন্দ ও সংস্কারকাজের কারণে গত কয়েকদিন ধরে আমতলী এলাকায় যানবাহনের ধীরগতি দেখা দেয়, পরে তা যানজটে রূপ নেয়। হাইওয়ে পুলিশের টহল দল সার্বক্ষণিক মাঠে রয়েছে। সড়ক সংস্কারকাজ শেষ হলে ভোগান্তি কমে আসবে।

আজ দুপুর পর্যন্ত মহাসড়কের কুমিল্লা অংশে এমন পরিস্থিতি অব্যাহত থাকায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। তারা বলছেন, দ্রুত সংস্কারকাজ শেষ করার পাশাপাশি কাজ চলাকালীন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *