ডিজিটাল রাজস্ব ব্যবস্থায় সম্পৃক্ত হওয়ার আহ্বান ঢাকা চেম্বার সভাপতির

সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে কমপ্লায়েন্স নিশ্চিতের পাশাপাশি কর প্রদানে বিদ্যমান প্রতিবন্ধকতা এড়াতে অটোমেটেড রাজস্ব ব্যবস্থাপনা ও ডিজিটাল কার্যক্রমে উদ্যোক্তাদের আরও বেশি হারে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘ভ্যাট, ট্যাক্স, শুল্ক আইন এবং ব্যক্তিগত ই-রিটার্ন ব্যবস্থাপনায় পরিবর্তন ও পরিমার্জন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনের সময় তাসকীন আহমেদ এই আহ্বান জানান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ। 

সূচনা বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, চলতি অর্থবছরের বাজেটে সরকার ভ্যাট, আয়কর, কাস্টমস্ ডিউটি এবং ই-রিটার্ন ব্যবস্থায় কিছু পরিবর্তন এনেছে, তাই সংশোধিত নীতিমালার সম্পর্কে সম্যক ধারণার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যিক কার্যক্রমে কমপ্লায়েন্স নিশ্চিতের আহবান জানান। সেইসঙ্গে বিশেষ করে, কর প্রদানে বিদ্যমান প্রতিবন্ধকতা এড়ানোর পাশাপাশি জিডিপিতে করের অবদান বৃদ্ধিতে সরকার প্রবর্তিত অটোমেটেড রাজস্ব ব্যবস্থাপনা ও ডিজিটাল কার্যক্রম সম্পর্কে জ্ঞান আহরণ জরুরী বলে জানান তিনি। কর্মশালায় আয়কর এবং মূল্য সংযোজনের (ভ্যাট) ওপর ২টি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে যথাক্রমে ঢাকা চেম্বারের কাস্টমস্, ভ্যাট স্ট্যান্ডিং কমিটির এ্যাডভাইজর স্নেহাশীষ বড়ুয়া, এবং যুগ্ম-আহ্বায়ক মো. শফিকুল আলম, মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণকারীদের ওই বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।

আয়োজিত এ কর্মশালায় ঢাকা চেম্বারের সদস্যভুক্ত ১০০টির বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেন। ডিসিসিআইয়ের পরিচালক এম মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *