এবারের ঈদুল ফিতরে ওটিটিতে মুক্তি পাওয়া আলোচিত সিরিজ ‘চক্র ২’ দর্শকদের মধ্যে তৈরি করেছে তীব্র আলোচনা ও কৌতূহল। মনস্তাত্ত্বিক রহস্যঘেরা এই গল্পে তৌসিফ মাহবুবের উপস্থিতি যেন শুরু থেকেই টেনে রেখেছে দর্শকদের।
২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিরিজটি মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন, সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী থ্রিলার এটি, আবার কেউ জানিয়েছেন—দেখা শেষ করেও এর ঘোর কাটছে না।
বিশেষ করে ডার্ক থ্রিলারপ্রেমীদের কাছে ‘চক্র ২’ হয়ে উঠেছে এক ধরনের ‘মাস্ট ওয়াচ’। দর্শকদের অনেকেই মনে করছেন, পুরো সিরিজ জুড়ে এককভাবে দৃষ্টি কাড়েন তৌসিফ মাহবুব।
পরিচালক ভিকি জাহেদের নির্মাণেও এসেছে আলাদা মাত্রা। প্রতিটি পর্বে টানটান উত্তেজনা, সহিংসতার দৃশ্য এবং অশুভ জাদুবিদ্যার অন্ধকার উপস্থাপন দর্শকদের নাড়িয়ে দিয়েছে।
তবে সব আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘প্রফেসর ড. হুমায়ূন’ চরিত্রটি। এই চরিত্রে তৌসিফের রূপান্তর, লুক এবং মানসিক ভাঙনের প্রকাশ দর্শকদের মধ্যে তৈরি করেছে ভিন্ন এক প্রতিক্রিয়া। অনেকেই এটিকে তার ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী অভিনয় হিসেবে দেখছেন।
দর্শকদের ভাষ্য অনুযায়ী, চরিত্রটির ভয়ংকর উপস্থিতি ও অভিব্যক্তি ছিল গভীর এবং অস্বস্তিকর—যা সহজে ভোলার নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ড. হুমায়ূন’কে ঘিরে তৈরি হচ্ছে নানা মিম, রসিক ছবি ও কার্টুন, যা সিরিজটির জনপ্রিয়তাকে আরও ছড়িয়ে দিচ্ছে।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়া ৮ পর্বের এই সিরিজটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই আয় দ্বিগুণ করেছে বলে জানা গেছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ ভিউ ও সাবস্ক্রিপশন পাওয়া কনটেন্টগুলোর একটি এটি।
তৌসিফ মাহবুবের পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, শাহেদ আলী, নাদের খান, আরেফিন জিলানি ও শাওন।